বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

থাইল্যান্ডে প্রথম প্রীতি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপের প্রস্তুতি মিশনে থাইল্যান্ড সফরের প্রথম প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শুক্রবার ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডই পুরোটা সময় প্রাধান্য ধরে রাখে।

ম্যাচের প্রথম মিনিটেই থাইল্যান্ডকে এগিয়ে দেন ওরাপিন ওয়েনগোয়েন—এই গোলেই প্রথমার্ধ শেষ হয় ১–০ তে। বিরতির পর সাওওয়ালাক পেংগাম ব্যবধান ২–০ করেন। শেষ দিকে, ৮৬ মিনিটে থাইল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি আসে পাত্তারানান আউপাচাইর পা থেকে।

বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকারর নেতৃত্বে দলটি শুরুতে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও আক্রমণভাগে ধারাবাহিকতা আনতে পারেনি। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও স্বাগতিকদের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের থাইল্যান্ড সফরে আরও একটি প্রীতি ম্যাচ বাকি আছে। ২৭ অক্টোবর একই প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা।

আগামী বছরের ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়া কাপ; সেই প্রতিযোগিতাকে সামনে রেখে থাইল্যান্ড সফরে প্রস্তুতি চূড়ান্ত করছে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল (স্কোয়াড): রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফিদা খন্দকার (অধিনায়ক), কোহাটি কিস্কু, রুমা আক্তার, শামসুন্নাহার (এস), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আকতার, স্বপ্না রানী, উমেলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জে), রিতু পর্ণা চাকমা ও সিনহা জাহান শিখা।