বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সহজ হলো প্রবাসীদের ই-রিটার্ন দাখিল: ই-মেইলে মিলবে ওটিপি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল প্রক্রিয়া সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে নিবন্ধন ও লগইন যাচাইয়ের ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) শুধুমাত্র বাংলাদেশি মোবাইল নম্বরে না গিয়ে সরাসরি করদাতার ব্যক্তিগত ই-মেইলে পাঠানো হবে। বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, প্রবাসীদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক না হলেও অনেকে সুবিধাজনক হওয়ায় অনলাইনে রিটার্ন জমা দিতে আগ্রহ দেখান। আগে ওটিপি কেবল দেশে নিবন্ধিত বায়োমেট্রিক সিমে যেত—ফলে বিদেশে থাকা করদাতারা নিবন্ধনে সমস্যায় পড়তেন। সেই সীমাবদ্ধতা দূর করতেই ই-মেইলভিত্তিক ওটিপি চালু করা হলো।

প্রবাসী করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, ভিসার কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠিয়ে ereturn@etaxnbr.gov.bd
–এ আবেদন করতে পারবেন। যাচাই–বাছাই শেষে এনবিআর তাঁদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাবে। এরপর অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে ই-রিটার্ন দাখিল করা যাবে। এনবিআর বলেছে, এই প্রক্রিয়াটি কাগজবিহীন; তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র তৈরি ও আয়কর সনদ প্রিন্ট করা যায়।

এর আগে বিশেষ আদেশে কয়েকটি শ্রেণি ছাড়া সবার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়। ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ/বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক—এই চার শ্রেণির ক্ষেত্রে বাধ্যতামূলকতা প্রযোজ্য নয়।

চলতি ২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লক্ষ ৫০ হাজারেরও বেশি ই-রিটার্ন দাখিল হয়েছে বলে এনবিআর জানিয়েছে। দেশি ও প্রবাসী সকল করদাতাকে ৩০ নভেম্বর–এর মধ্যে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।