বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুল্ক ফেরত দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পণ্যের ক্ষতিপূরণের দায় নেবে না এনবিআর—এ দায়িত্ব পড়বে পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থার ওপর।

কাস্টমস আইন ২০২৩-এর ২৮ ধারায় বলা হয়েছে, পণ্যের মালিক আবেদন করলে তিনটি ক্ষেত্রে শুল্ক ফেরত বা শুল্কছাড় দেওয়া যাবে—যদি পণ্য আনলোডের সময় বা তার আগে নষ্ট হয়, পরীক্ষার আগে দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, অথবা গুদামে থাকা অবস্থায় দেশের ভেতরে খালাসের আগে কোনো দুর্ঘটনায় নষ্ট হয়। এসব ক্ষেত্রে পণ্যের মালিক প্রমাণসহ আবেদন করলে কমিশনার অনুমোদন সাপেক্ষে ক্ষতির অনুপাতে শুল্কছাড় দিতে পারবেন।

এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, “যেসব পণ্য শুল্ক পরিশোধের পর কিন্তু খালাসের আগে পুড়ে গেছে, এনবিআর সেই শুল্ক ও কর ফেরত দিতে বাধ্য।” তবে যেসব পণ্যের শুল্কায়ন হয়নি, সেগুলোর ক্ষেত্রে এনবিআরের কিছু করার নেই।

ক্ষতিপূরণের বিষয়ে এনবিআরের সাবেক সদস্য কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “পণ্য সংরক্ষণের দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা দায়িত্বরত সংস্থার। তাই ক্ষতিপূরণ দেবে জিম্মাদার পক্ষ, কাস্টমস নয়।”

এদিকে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে।

গত শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গুদামে আগুন লাগে। এ ঘটনায় যেন আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য এনবিআর বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসের কার্যক্রম চালু রেখেছে।