ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ওভার বোলিংয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দলের স্পিনাররা মিলে করেছেন রেকর্ড ৯৩ ওভার।
এর মাধ্যমে তারা ভেঙে দিয়েছে ২০১৯ সালে ভারতের দেহরাদুনে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের করা ৭৮.২ ওভারের পূর্ববর্তী রেকর্ড।
আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ বোলার পুরো ৫০ ওভার সম্পন্ন করেন, যার সবই স্পিনারদের। বাংলাদেশের ইনিংসে স্পিনাররা বল করেন ৪২ ওভার, আর পেসার মুস্তাফিজুর রহমান করেন মাত্র ৮ ওভার। সুপার ওভারে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন বল করেন ১ ওভার করে।
ওয়ানডে ইতিহাসে স্পিনারদের সবচেয়ে বেশি বোলিংয়ের এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলংকা ও জিম্বাবুয়ে, যারা ১৯৯৮ সালে কলম্বোতে করেছিলেন ৭৬ ওভার।




