বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আগুনে পুড়েছে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল: ওষুধশিল্প সমিতি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধশিল্প সমিতি। সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

তিনি জানান, দেশে বর্তমানে ৩০৭টি ওষুধ কোম্পানি নিবন্ধিত রয়েছে, যার মধ্যে ২৫০টি সক্রিয়ভাবে উৎপাদন কার্যক্রম চালায়। এদের মধ্যে শীর্ষস্থানীয় ৩২টি কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল ধ্বংস হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর হিসাব যোগ হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাকির হোসেন বলেন, “একেকটি ওষুধ তৈরিতে ১০ থেকে ৫৩ ধরনের কাঁচামাল লাগে। এসব উপকরণ পুড়ে যাওয়ায় ৩ থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে।” তবে তিনি জানান, তাৎক্ষণিকভাবে দেশে ওষুধ সরবরাহে সংকট দেখা দেবে না।

তিনি আরও বলেন, “আগুন লাগার সময় কিছু বিমান চট্টগ্রাম বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেসব বিমানে থাকা ওষুধের কাঁচামাল তাপমাত্রা নিয়ন্ত্রণে না থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

এদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। লিখিত বক্তব্যে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “এত গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটি দেশের রপ্তানি খাত ও ওষুধশিল্পের জন্য বড় ধরনের ধাক্কা।”

বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষ ও তদন্ত কমিটি আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব নির্ধারণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।