বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্য নিয়ে জাহাজডুবি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্যবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে শনিবার সকালে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি কর্ণফুলী নদীর মোহনায় জাহাজটি ডুবে যায়। এমভি জায়ান নামের লাইটারেজ জাহাজটিতে সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) বহন করা হচ্ছিল।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাস শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। পথে স্টিয়ারিং ফেইল ও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। জাহাজটি স্থির রেখে শনিবার সকালে তীরের দিকে আনার সময় দুর্ঘটনা ঘটে। এতে জাহাজের তিনটি হ্যাচে পানি প্রবেশ করে এবং প্রায় ৯০ শতাংশ অংশ ডুবে যায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজটি বন্দর চ্যানেলের কাছাকাছি থাকলেও এতে অন্যান্য জাহাজ চলাচলে আপাতত কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। বন্দর সচিব ওমর ফারুক বলেন, “জাহাজটি ১২০০ টন বল ক্লে নিয়ে ঢাকার পথে ছিল। ডুবে যাওয়ায় সব পণ্য নষ্ট হয়ে গেছে, তবে বন্দর কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না।”

জাহাজটির মালিক প্রতিষ্ঠান জায়ান শিপিং লাইন্স-এর অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, “শুক্রবার রাত ৮টার দিকে স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দেয়। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। পরে জাহাজটি নেভাল একাডেমির কাছাকাছি স্থানে চরে আটকে গেলে তলা ফেটে পানি ঢোকে।”

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ জন নাবিক সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন বলে নিশ্চিত করেছেন লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি। তিনি জানান, “জাহাজের নিচ দিয়ে তিনটি হ্যাচে পানি ঢুকতে শুরু করলে সেটি দ্রুত ভারসাম্য হারিয়ে ডুবে যায়।”

বর্তমানে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে মালিকপক্ষ। বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।