চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে সেখানে নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেতা।
গত ১৭ অক্টোবর তাঁকে ১২তম কেমো দেওয়া হয়েছে। মোট ৩০টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহযাত্রী ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক লিটন এরশাদ। তিনি জানান, “সব মিলিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চিকিৎসা চলবে। এরপর দুই সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন কাঞ্চন ভাই। সব ঠিক থাকলে এবং তাঁর পরিবার চাইলে জানুয়ারিতে দেশে ফিরতে পারেন। তবে সবার আগে তাঁর সুস্থতা জরুরি। ভাইয়ের জন্য দোয়া চাই।”
ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে চলতি বছরের এপ্রিল মাসে। চিকিৎসকরা জানান, টিউমারটি এমন স্থানে ছিল, যেখানে অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হতে পারত। তাই বিশেষজ্ঞদের পরামর্শে তিনি এপ্রিলের শেষ দিকে লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। আগস্টের শুরুর দিকে সেখানে তাঁর একটি অস্ত্রোপচার হয়, তবে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর চিকিৎসকরা কেমো ও রেডিয়েশনের সমন্বিত চিকিৎসা শুরু করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার প্রতি ধাপ সফলভাবে সম্পন্ন হচ্ছে এবং বর্তমানে কাঞ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।




