বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

একদিনে তিন নতুন সিনেমা দেশের প্রেক্ষাগৃহে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা—বাংলাদেশের দুটি এবং একটি হলিউডের ছবি। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো সাদিকা পারভীন পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’, লোকগাথানির্ভর ‘সাত ভাই চম্পা’ এবং সায়েন্স ফিকশন ঘরানার হলিউড সিনেমা ‘ট্রন: অ্যারেস’।

সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে, তাঁর বিপরীতে আছেন চিত্রনায়ক আমিন খান। আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি আজ থেকে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

অন্যদিকে, প্রাচীন লোকগাথা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘সাত ভাই চম্পা’ শুক্রবার থেকে ঢাকার চারটি মাল্টিপ্লেক্স চেইনে প্রদর্শিত হচ্ছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) এবং লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)। রিপন নাগ পরিচালিত এ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে রাজপুত্র বিজয় বাহু ও রাজ জামাতা তাতার খাঁর রাজ্য পুনরুদ্ধারের রোমাঞ্চকর কাহিনি। এতে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়, অমিত সিনহা, নওশাবা আহমেদ ও শানারাই দেবী শানু। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন রিপন নাগ, নাজাকাত খান ও ইমতিয়াজ সজিব। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

এদিকে, হলিউডের সায়েন্স ফিকশন সিনেমা ‘ট্রন: অ্যারেস’ শুক্রবার মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়। এটি জনপ্রিয় ‘ট্রন: লিগ্যাসি’ (২০১০)-এর সিক্যুয়েল। জোয়াকিম রনিং পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো ও গিলিয়ান অ্যান্ডারসন।

দেশের সিনেমাপ্রেমীদের জন্য এবারের সপ্তাহটি তাই বেশ বৈচিত্র্যময়—অ্যাকশন, লোকগাথা আর ভবিষ্যত প্রযুক্তিনির্ভর কল্পবিজ্ঞান—সব ঘরানার গল্পই এবার বড় পর্দায়।