বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায়। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ১৭ শতকের মুঘল স্থাপত্যের নিদর্শন এই কেল্লার পরীবিবির মাজার প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ট্রফিটি উন্মোচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক—বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ যৌথভাবে সিরিজের ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ‘ক্রিকেট ট্যুরিজম’ প্রকল্পের অংশ। উদ্যোগটির মূল লক্ষ্য বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক স্থাপত্যকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তুলে ধরা।
বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “লালবাগ কেল্লাকে ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বের কাছে উপস্থাপন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।




