বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ দিকগুলোতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, চলমান সংস্কার কর্মসূচির সফলতা নির্ভর করছে এই দুটি খাতে ধারাবাহিক অগ্রগতির ওপর।
বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কৃষ্ণা শ্রীনিবাসন জানান, বাংলাদেশের জন্য আইএমএফের ৫ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলারের ঋণ কর্মসূচির পরবর্তী পর্যালোচনার জন্য সংস্থার একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এবারের পর্যালোচনায় মূলত রাজস্ব আহরণ বৃদ্ধি এবং আর্থিক খাতের সংস্কারে অগ্রগতি মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, “বাংলাদেশকে সংস্কারের মূল ক্ষেত্রগুলোতে কাজ চালিয়ে যেতে হবে, তবেই চলমান কর্মসূচির সাফল্য নিশ্চিত হবে।”
এদিকে, বৃহস্পতিবার প্রকাশিত আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। ওই সময় দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪২ শতাংশে নামতে পারে এবং পরের অর্থবছরে তা আরও কমে ৫ দশমিক ০৬ শতাংশে নেমে আসবে।
আইএমএফ জানিয়েছে, সংস্কার বাস্তবায়নের ধীরগতি এবং প্রত্যাশার তুলনায় কম মূল্যস্ফীতি হ্রাস বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা এবং বৈশ্বিক নীতিগত অনিশ্চয়তার কারণে সম্ভাব্য বাণিজ্য ঝুঁকির কথাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
আইএমএফের মতে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য রাজস্ব আহরণ বাড়ানো ও আর্থিক খাতের সংস্কারই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।




