বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১৬ বছর পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ ফিরছে বগুড়ায়। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, আর শেষ তিনটি ম্যাচ হবে রাজশাহীতে।

প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ২৮ অক্টোবর, দ্বিতীয়টি ৩১ অক্টোবর একই ভেন্যুতে। এ ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটবে বগুড়ায়। সর্বশেষ ২০০৯ সালের ২০ নভেম্বর এ মাঠে আন্তর্জাতিক পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছিল।

এরপর সিরিজের তৃতীয় ম্যাচ হবে ৩ নভেম্বর রাজশাহীতে, আর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে আফগানিস্তান দল।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সিরিজ। কারণ, এই সিরিজ শেষে ডিসেম্বর মাসে নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশের যুবারা। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

বগুড়ার ক্রিকেটপ্রেমীদের কাছে তাই এই সিরিজ শুধু একটি খেলা নয়—এটি ফিরিয়ে আনছে হারানো গৌরব, মাঠে দর্শকদের উচ্ছ্বাস ও ক্রিকেটের প্রাণচাঞ্চল্য।