বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পৌঁছেছে ভাওয়াইয়ার জন্মভূমি কুড়িগ্রামে। ঐতিহ্যবাহী এই অঞ্চলের সংগীত ও সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত বিশেষ মঞ্চে ধারণ করা হয়েছে এবারের পর্বটি।
অনুষ্ঠানের মূল বিষয়বস্তুতে স্থান পেয়েছে ভাওয়াইয়া গানের ঐতিহ্য, শিল্পী এবং ইতিহাস। ভাওয়াইয়া সুরের সঙ্গে কুড়িগ্রামের গভীর সম্পর্ক তুলে ধরতে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুটি গান ও বেশ কিছু তথ্যচিত্রভিত্তিক পর্ব।
শুরুর অংশে মনিরুজ্জামান পলাশের কথায় কুড়িগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তৈরি একটি পরিচিতিমূলক গানের সঙ্গে অংশ নিয়েছেন অর্ধ শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী, এবং কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।
এ পর্বে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের অমর সৃষ্টি ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুনভাবে গেয়েছেন জনপ্রিয় গায়িকা সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। এছাড়া রয়েছে দর্শকপর্ব ও নিয়মিত চিঠিপত্র পর্ব।
ভাওয়াইয়া সংগীতের সংরক্ষণ, প্রচার ও প্রজন্মান্তরে বিস্তারের লক্ষ্যে প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মা প্রতিষ্ঠিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অংশে শিল্পী বর্মা ও তাঁর শিক্ষার্থীরা একটি ভাওয়াইয়া গান পরিবেশন করেছেন।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’-তে সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়ভিত্তিক তির্যক নাট্যাংশ থাকছে।
পর্বটি ৩১ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।




