বাংলাদেশের তৈরি পোশাক খাত টেকসই উৎপাদনে বৈশ্বিক নেতৃত্ব আরও সুদৃঢ় করেছে। নতুন করে পাঁচটি কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড সার্টিফিকেশন অর্জন করেছে। এর ফলে বাংলাদেশে এখন মোট ২৬৮টি লিড–সার্টিফায়েড কারখানা রয়েছে—যা বিশ্বের সর্বাধিক। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম ও ১৩৫টি গোল্ড সার্টিফায়েড।
নতুন যুক্ত হওয়া পাঁচ কারখানা হলো— পাকিজা নিট কম্পোজিট লিমিটেড (সাভার, ঢাকা), ফ্যাশন পালস লিমিটেড (বিসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ঢাকা), গাভা প্রাইভেট লিমিটেড (ঢাকা), ভিজুয়াল নিটওয়্যারস লিমিটেড (চট্টগ্রাম) এবং ট্যালিসম্যান পারফরম্যান্স লিমিটেড (সিইপিজেড, চট্টগ্রাম)। এর মধ্যে প্রথম তিনটি প্লাটিনাম ও শেষ দুটি গোল্ড সার্টিফিকেশন পেয়েছে।
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড পোশাক কারখানার মধ্যে ৬৮টি বাংলাদেশে অবস্থিত, যা দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি দক্ষতা ও টেকসই শিল্পায়নের প্রতিশ্রুতি স্পষ্ট করে।
আমেরিকাভিত্তিক গ্রিন বিল্ডিং কাউন্সিল এই সার্টিফিকেশন প্রদান করে। প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নির্গমন হ্রাস এবং কর্মীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার মানদণ্ডে মূল্যায়ন করা হয়।
শিল্প বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোক্তাদের দূরদর্শী উদ্যোগ, বিজিএমইএ–এর সক্রিয় ভূমিকা এবং সরকারের সহায়ক নীতিমালা বাংলাদেশকে সবুজ শিল্পায়নের বৈশ্বিক উদাহরণে পরিণত করেছে। তারা মনে করেন, এ অর্জন শুধু বাংলাদেশের দায়িত্বশীল উৎপাদন সক্ষমতাকে নয়, বরং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথকেও আরও এগিয়ে নেবে।
গত এক দশকে বাংলাদেশের পোশাক শিল্পে যে “সবুজ বিপ্লব” শুরু হয়েছে, এই নতুন সার্টিফিকেশনগুলো তারই ধারাবাহিক অগ্রযাত্রার প্রতীক।




