বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ফেসবুক লাইভে অভিনেত্রী সানজিদার আর্তনাদ ‘আমাকে বাঁচান’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ছোটপর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু হঠাৎ ফেসবুক লাইভে এসে সাহায্যের আকুতি জানিয়ে আলোচনায় এসেছেন। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা ওই লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।”

লাইভে দেখা যায়, রিন্টুর ঘরের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে, কাঁচের টুকরো ও ভাঙা আসবাবপত্র ছড়িয়ে রয়েছে চারদিকে। সামনের দিকে বসে ছিলেন তার স্বামী, যাকে লাইভে রিন্টু নিজের প্রাক্তন স্বামী বলে দাবি করেন। তিনি বলেন, “গত মাসেই আমাকে ডিভোর্স দিয়েছে, তারপরও এই বাড়ি থেকে যাচ্ছে না, আমাকে মারধর করছে।”

অভিযোগ করে অভিনেত্রী আরও বলেন, “ওরা চায় পুরো পরিবার আমার আয়ে চলবে। আমি ইনকাম করে আনবো, তারা খাবে—আর আমার ওপর নির্যাতন চালাবে। দেখেন আমাকে মেরে কী করেছে।” এ সময় তিনি নিজের হাতে আঘাতের চিহ্ন দেখানোর চেষ্টা করেন।

লাইভ চলাকালীন রিন্টু স্বামীর বিরুদ্ধে অনৈতিক ও অবৈধ সম্পর্কেরও অভিযোগ তোলেন। কিছুক্ষণের মধ্যেই তার স্বামী এগিয়ে এসে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং লাইভটি বন্ধ হয়ে যায়।

লাইভটি কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরবর্তীতে পোস্টটি তার ফেসবুক প্রোফাইল থেকে মুছে ফেলা হয়।

সানজিদা রিন্টু টেলিভিশনের কয়েকটি নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তবে তার ব্যক্তিগত জীবনের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও সহানুভূতির প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।