বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। প্রথমবারের মতো ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে স্টুডেন্ট ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে ছবিটি।
চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী, আর সহ-পরিচালকের দায়িত্বে ছিলেন জহিরুল ইসলাম। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো চলচ্চিত্র এমা অ্যাওয়ার্ড অর্জন করল।
গত ১১ অক্টোবর (শুক্রবার) আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (IAFM) জানিয়েছে, ‘নিশি’ এই আসরে বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে মনোনয়ন পেয়েছিল।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে গোলাম রাব্বানী বলেন, “সত্যিই এটি আনন্দের খবর। এমা অ্যাওয়ার্ডে আমাদের ‘নিশি’ পুরস্কার জিতেছে—এটি বাংলাছবির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই অর্জন আমার সিনেমাজীবনকে আরও অনুপ্রাণিত করবে। আমি সিনেমায় সবসময় প্রাণ ও প্রকৃতির গল্প বলতে চাই।”
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায় নির্মিত হয়েছে ‘নিশি’।
চলচ্চিত্রটির কাহিনি এক চা শ্রমিক পরিবারের কন্যা নিশিকে ঘিরে। পানির সংকটে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়, আর এই সুযোগে এক কাঠ ব্যবসায়ী টিউবওয়েল বসানোর অজুহাতে তাকে বিয়ে করতে চায়। ছবিটির শুটিং হয়েছে সিলেটের চা বাগানের বিভিন্ন লোকেশনে।
পরিচালক রাব্বানী জানান, ‘নিশি’ এখন বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতিতে আছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে।
এর আগে তাঁর নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ চলচ্চিত্র ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক অনারেবল মেনশন পেয়েছিল।




