চট্টগ্রাম বন্দরের ট্যারিফ শিডিউল ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তাঁরা দাবি করেছেন, অংশীদারদের সঙ্গে আলোচনা না করে গৃহীত এই সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করতে হবে। অন্যথায় আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়ে অর্থনীতিতে বড় বিপর্যয় দেখা দিতে পারে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন চিটাগং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “বন্দর কেন ৪১ শতাংশ ট্যারিফ বাড়াবে? এই বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, “বন্দরের এই ট্যারিফ বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্ত।”
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আমিরুল হক অভিযোগ করে বলেন, “মোংলা ও পায়রায় ট্যারিফ বাড়ানো হয়নি, শুধু চট্টগ্রামে বাড়ানো হচ্ছে—এটি স্পষ্ট ষড়যন্ত্র।” তিনি ‘কস্ট বেইজড ট্যারিফ’ প্রণয়নের দাবি জানান।
বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, “বাংলাদেশে ব্যবসা পরিচালনার খরচ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। বন্দর যদি আবার ট্যারিফ বাড়ায়, তাহলে আন্তর্জাতিক ক্রেতারা (বায়ার) ভিয়েতনাম বা ভারতে চলে যাবে।”
বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী সিদ্ধান্তটিকে ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে বলেন, “চট্টগ্রাম বন্দর এ অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল বন্দরে পরিণত হবে।”
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, “আমরা সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধির পক্ষে ছিলাম। কিন্তু ৪১ শতাংশ বৃদ্ধি অন্যায় ও অযৌক্তিক। এতে প্রতি ২০ ফুট কনটেইনারে অতিরিক্ত ১২ থেকে ১৪ হাজার টাকা খরচ হবে।”
বক্তারা বলেন, বন্দরকে লাভজনক প্রতিষ্ঠানের বাইরে নিয়ে গিয়ে অযৌক্তিক মুনাফা অর্জনের চেষ্টা চলছে। তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং সতর্ক করেন, ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।




