নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
শুক্রবার (১০ অক্টোবর) গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে। জবাবে বাংলাদেশ ৩৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায়।
নিউজিল্যান্ডের ইনিংসে অধিনায়ক সোফিয়া ডিভাইন ৬৩ ও ব্রুক হালিডে ৬৯ রানের ইনিংস খেলেন। এ দুজনের চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি কিউইদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৩০ রানে ৩ উইকেট নেন।
জবাবে বাংলাদেশের টপ অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়ে। মাত্র ৩৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে নিগার সুলতানার দল। ব্যাট হাতে একমাত্র লড়াই করেন ফাহিমা খাতুন (৩৪) ও রাবেয়া খান (২৫)।
নিউজিল্যান্ডের জেস কের ও লিয়া তাহুহু ৩টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ব্রুক হালিডে।
তিন ম্যাচে এক জয় ও দুই হারে বাংলাদেশ নারী দল এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। আগামী ১৩ অক্টোবর তাদের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।




