বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২২১ রানের লক্ষ্য আফগানরা ১৭ বল বাকি থাকতেই অর্জন করে। ফলে পূর্ণ দায়িত্বে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। ওপেনার সাইফ হাসান অভিষেক ওয়ানডেতে ২৬ রান করলেও অন্য দুই ওপেনার তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন। মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। দুজনের শতরানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও রান আউট হয়ে ৫৬ রানে ফেরেন হৃদয়। কিছুক্ষণ পর ৬০ রানে আউট হন মিরাজও। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ২২১ রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই ৩টি করে উইকেট নেন, গজনফর নেন ২ উইকেট।

রান তাড়ায় আফগানিস্তান শুরু করে ইতিবাচকভাবে। ওপেনার গুরবাজ (৫০) ও রহমত শাহ (৫০) দুজনেই ফিফটি তুলে নেন। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই। ৪৪ বলে ৪০ রানে আউট হলেও ম্যাচ সেরা হন ওমরজাই। শেষ দিকে শাহিদি ৩৩* ও নবি ১১* রান নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ৩টি এবং মিরাজ ও তানভীর ইসলাম ১টি করে উইকেট নেন। এ ম্যাচেই রশিদ খান স্পর্শ করেন ওয়ানডেতে আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক। একইসঙ্গে রহমত শাহ পৌঁছান আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রান পূর্তিতে।

সিরিজে আফগানিস্তান ১-০ তে এগিয়ে গেল। আগামী শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।