সরকার দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও ব্যবসাবান্ধব করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, ডিজিটালাইজেশন ও কর আইন সংস্কার এখন এই প্রক্রিয়ার প্রধান অগ্রাধিকার।
বুধবার রাজধানীতে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এনবিআরের সদস্য ব্যারিস্টার মতাসিম বিল্লাহ ফারুকী স্বাগত বক্তব্য দেন।
এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের জন্য ট্যাক্স রিফান্ড সহজীকরণে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ইনকাম ট্যাক্স আইন ২০২৩-এর ইংরেজি সংস্করণ ইতোমধ্যে সরকারি প্রেসে পাঠানো হয়েছে। শিগগিরই আয়কর, কাস্টমস ও ভ্যাট আইন ইংরেজিতে অফিসিয়ালি পাওয়া যাবে।
তিনি বলেন, কর ফাইল করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী বছর থেকে করপোরেট রিটার্ন অনলাইনে জমা দিতে হবে। এতে তথ্য পরিবর্তন বা বিকৃতি রোধ হবে। তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশের কর আইন এখনো পুরোপুরি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে রাজস্ব সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার আশা, ডিজিটালাইজেশন ও প্রশাসনিক শৃঙ্খলা জোরদারের ফলে রাজস্ব আয় আরও বাড়বে।
ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট (ডিটিএ) সংক্রান্ত সনদ ডিজিটাল পদ্ধতিতে ইস্যুর ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ২৫ হাজার সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু করা হয়েছে, যার ৮০ শতাংশ এক ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়। এনবিআরের পাশাপাশি আরও ১৮টি সরকারি সংস্থা শিগগিরই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মে যুক্ত হবে।
কাস্টমস কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে চেয়ারম্যান জোর দিয়ে বলেন, পণ্যের মূল্যায়ন অবশ্যই ট্রানজ্যাকশন প্রাইসের ভিত্তিতে হবে। “সঠিক ঘোষণা দিলে হয়রানির কোনো সুযোগ নেই, তবে ভুয়া ঘোষণা দিলে তা ধরা হবে।”
তিনি স্বীকার করেন, কিছু কাস্টমস হাউসে এখনও অনিয়ম আছে, তবে প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপের মাধ্যমে সেগুলো দূর করতে কাজ চলছে। এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের অবশ্যই এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হবে। কাস্টমস কার্যক্রমে আস্থা ও সততা পুনঃপ্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”




