বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট নিরসনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে গঠন করা হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। আর এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র আমানতকারীদের নিরাপত্তাকে। যাদের আমানত ২ লাখ টাকার নিচে, তারা একবারেই পুরো অর্থ ফেরত পাবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ পাঁচ ব্যাংকের সম্মিলিত ঋণ প্রায় ১.৯৫ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ১.৪৭ লক্ষ কোটি টাকা খেলাপি—হার প্রায় ৭৭ শতাংশ। বিশেষ করে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ ৯৮ শতাংশে পৌঁছেছে। এই অবস্থায় পুরনো মালিকদের শেয়ার বাতিল করে সরকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অর্থে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে।
নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার, ১২ হাজার কোটি আসবে আমানত বিমা তহবিল থেকে এবং বাকি ৩ হাজার কোটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে।
মার্জারে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন ক্ষুদ্র আমানতকারীরা। যাদের আমানত ২ লাখ টাকার নিচে, তারা একবারেই পুরো অর্থ ফেরত পাবেন। বড় অঙ্কের আমানত ধাপে ধাপে পরিশোধ করা হবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের নগদ ফেরতের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার প্রস্তাব রয়েছে। এ লক্ষ্যে ব্যাংক আমানত বিমা আইন সংশোধন করে আমানত ফেরতের সীমা ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যাংক পরিচালনা করবে অভিজ্ঞ ব্যাংকার, শরীয়াহ বিশেষজ্ঞ ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ। তবে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—দুর্বল নীতিনির্ধারণ বা রাজনৈতিক প্রভাব থাকলে মার্জার ব্যর্থ হয়ে পুরো ব্যাংক খাতেই সিস্টেমিক ঝুঁকি তৈরি হতে পারে।
ভারত ও ইন্দোনেশিয়ার সফল ব্যাংক একীভূতকরণের উদাহরণ থাকলেও ব্যর্থতা এড়াতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুশাসন নিশ্চিত করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।




