বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঘুমহীন মানুষের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঘুমহীন মানুষের দুর্বিষহ জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’ (Sweet Sleep)। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ওমর মালিক।

ঘুমের অভাবে সৃষ্ট মানসিক ও শারীরিক সমস্যার প্রতিফলন ঘটানো হয়েছে এ চলচ্চিত্রে। এতে আরও অভিনয় করেছেন রুনা খান, মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী।

অভিনেতা ওমর মালিক বলেন, “নির্মাতা সোহেল রানা বয়াতির কাজের প্রতি আমার অনেকদিনের আগ্রহ ছিল। ‘নিদ্রাসুর’-এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে সব প্রতিকূলতা সত্ত্বেও কাজটি করেছি। আশা করছি, দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসব এবং দর্শকের মন জয় করবে এটি।”

চলচ্চিত্রটি জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। নির্মাতা বলেন, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই আমার ক্যারিয়ার শুরু। দীর্ঘদিন পর আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে আনন্দ পেয়েছি। মানুষের গল্প তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”

চলচ্চিত্রটি সেন্সর ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে শিগগিরই দেশি-বিদেশি উৎসবে অংশ নেবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।