দেশে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচক (সিপিআই) থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বেড়েছে। এ সময় খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯ শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট হিসাবে দেখা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, গত সেপ্টেম্বরে তা কিনতে লেগেছে ১০৮ টাকা ৩৬ পয়সা।
তথ্যে আরও জানা যায়, সেপ্টেম্বরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ শহরের তুলনায় বেশি ছিল। গ্রামে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশে, আর শহরে ৮ দশমিক ২৮ শতাংশ।
গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই হার ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি চালু করেছে।
অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি তাদের প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরের শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮ শতাংশে নামতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করেছে, এই হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ থাকবে।




