বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

রবিবার (৫ অক্টােবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টাইগাররা ৬ উইকেটে জয় তুলে নেয়।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ও ২ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে ২০১৮ সালে ভারতের দেরাদুনে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার সাত বছর পর সেই প্রতিশোধই নিল টাইগাররা।

প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৪৩ রান। এক পর্যায়ে ৮ উইকেটে ৯৮ রানে ধুঁকতে থাকা আফগানদের ভরসা জুগিয়েছিলেন দারউইশ রাসুলি (২৯ বলে ৩২) ও মুজিব উর রহমান (১৮ বলে ২৩)। শেষদিকে বশির আহমদকে নিয়ে ১০ বলে অবিচ্ছিন্ন ১১ রান যোগ করে আফগানিস্তানকে লড়াকু পুঁজিতে পৌঁছে দেন মুজিব। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন নেন সর্বোচ্চ ৩ উইকেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয়। ওপেনার পারভেজ ইমন ১৪ রানে ফিরলেও তানজিদ হাসান (৩৩) ও সাইফ হাসান ৩৯ বলে ৫৫ রানের জুটি গড়ে ভিত্তি গড়ে দেন। এরপর অধিনায়ক জাকের আলি ও শামীম হোসেন দ্রুত আউট হলেও সাইফ ও নুরুল হাসান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দিনের নায়ক ছিলেন সাইফ হাসান। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৮ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ২ চার ও ৭ ছক্কা। নুরুল ৯ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ২ উইকেট নিলেও দলের হার ঠেকাতে পারেননি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ৮ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।