আমেরিকায় বাংলাদেশের পোশাক আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিশ্বব্যাপী আমেরিকার পোশাক আমদানি কমেছে ৫.৩০ শতাংশ। তবে একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে ২৬.৬২ শতাংশ।
তথ্য অনুযায়ী, প্রতিযোগী দেশ চীনের পোশাক রপ্তানি কমেছে ১৮.৩৬ শতাংশ, ইন্দোনেশিয়ার কমেছে ১৯.৮২ শতাংশ। বিপরীতে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে ৩২.৯৬ শতাংশ এবং ৩৪.১৩ শতাংশ বেড়েছে। কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে ১০.৭৮ শতাংশ।
ইউনিট মূল্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী আমেরিকার আমদানি গড়ে ১.৭১ শতাংশ কমেছে। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে ৩৩.৮০ শতাংশ ও ৪.৫৬ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ৬.৬৪ শতাংশ, ৭.৩৮ শতাংশ এবং ৩৮.৩১ শতাংশ বেড়েছে। বাংলাদেশেও ইউনিট মূল্য বেড়েছে ৭.৩০ শতাংশ।
শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে যা আমেরিকার বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি। ফলে ভবিষ্যতে উচ্চমূল্যের পণ্য উৎপাদনে মনোযোগ দিলে রপ্তানি আয় আরও বাড়তে পারে।
বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “ভিয়েতনাম ও ভারতের সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয় যে, বাংলাদেশের ইউনিট মূল্য বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। এতে রপ্তানির পরিমাণ না বাড়িয়েও মোট আয় বাড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, “২০২৪ সালে চীন ও ভিয়েতনামের রপ্তানি মূল্যে প্রায় সমান হলেও ভিয়েতনামের রপ্তানি পরিমাণ ছিল চীনের অর্ধেকেরও কম। কারণ, তারা উচ্চমূল্যের পণ্য রপ্তানিতে মনোযোগ দেয়। বাংলাদেশকেও কম দামের পণ্য থেকে উচ্চমূল্যের পণ্যে নজর দিতে হবে।”




