বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আগামী সপ্তাহেই পাঁচ প্রশাসক বসছে ইউনাইটেড ইসলামী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত হয়ে গঠিত হতে যাচ্ছে নতুন প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামী ব্যাংক। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, প্রশাসকদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এক্সিম ব্যাংকের প্রশাসক হবেন নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম, সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন, ইউনিয়ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাসেম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে টাঁকশালের পরিচালক মো. মোকসুদুজ্জামান দায়িত্ব নেবেন। প্রতিটি ব্যাংকে প্রশাসকের সঙ্গে থাকবেন একজন অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক ও একজন উপপরিচালক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসক নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরেই প্রশাসকেরা দায়িত্ব গ্রহণ করবেন।”

পাঁচ ব্যাংকের এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ কেলেঙ্কারির ইতিহাস। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের ফলে প্রতিষ্ঠানগুলো ভয়াবহ খেলাপিতে জর্জরিত হয়ে পড়ে। বর্তমানে পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানত প্রায় ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা, আর ঋণ ১ লাখ ৯২ হাজার ৭৮৬ কোটি টাকা। এর মধ্যে ৭৬ শতাংশই খেলাপি। ইউনিয়ন ব্যাংকে খেলাপি ঋণ ৯৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিতে ৯৭, গ্লোবাল ইসলামীতে ৯৫, সোশ্যাল ইসলামীতে ৬২ দশমিক ৩ এবং এক্সিমে ৪৮ দশমিক ২ শতাংশ।

এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রয়োজন ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি, আমানত বিমা ট্রাস্ট থেকে আসবে সাড়ে ৭ হাজার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দেবেন আরও সাড়ে ৭ হাজার কোটি টাকার শেয়ার। সরকারের অনুমোদনও ইতিমধ্যে পাওয়া গেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “এটি ব্যাংক খাত সংস্কারের নতুন অধ্যায়। তবে চেয়ারম্যান ও এমডি পদে সঠিক নেতৃত্ব বেছে না নিলে আবারও রাজনৈতিক প্রভাবে পথচ্যুত হওয়ার ঝুঁকি থাকবে।”