বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে টাইগাররা ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক আফগানিস্তানকে। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে জয় পেয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। এর আগে ২০২৩ সালে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা। এছাড়া এটি বাংলাদেশ দলের টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয়; সর্বশেষ তিন সিরিজে শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৪৭ রান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান ৪৭ বলে ৫৫ রানের জুটি গড়ে ভালো সূচনা করেন। তবে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদের ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে রহমানুল্লাহ গুরবাজ, আজমতুল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নবীর ব্যাটে ভর করে লড়াইযোগ্য সংগ্রহ পায় আফগানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৬ রানের মাথায় দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ফিরে যান। তবে অধিনায়ক জাকের আলি (৩২) ও শামীম হোসেন (৩৩) চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। শেষদিকে নুরুল হাসান ২১ বলে অপরাজিত ৩১ রান ও শরিফুল ইসলাম ৬ বলে ১১ রানের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত করেন। শেষ ওভারের প্রথম বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন শরিফুল।

আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই বল হাতে দুর্দান্ত বোলিং করে ২৩ রানে ৪ উইকেট নেন। তবে তার প্রচেষ্টা জয় এনে দিতে পারেনি দলকে।

আগামী ৫ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।