বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আস্থার সংকটে পুঁজিবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি মন্দা ও আস্থার সংকট বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে ৬২ হাজারের বেশি বিনিয়োগকারী বাজার ছাড়ছেন বা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ছিল ১৬ লাখ ৮২ হাজার ৪৫২টি। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ২২৭টিতে। অর্থাৎ ৩০ হাজার ২২৫টি হিসাব বন্ধ হয়েছে। পাশাপাশি শেয়ারশূন্য বিও হিসাব বেড়েছে ৩১ হাজার ৮৮৫টি, যা মোট নিষ্ক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা দাঁড় করিয়েছে ৬২ হাজার ১১০ জনে।

তথ্য অনুযায়ী, ৯ মাসে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব কমেছে ১৯ হাজার ৭২২টি এবং নারী বিনিয়োগকারীর হিসাব কমেছে ১০ হাজার ৭৩৫টি। দেশি বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের হিসাবও কমেছে প্রায় তিন হাজার, যা দেশের অর্থনীতির প্রতি বৈশ্বিক আস্থার ঘাটতিও স্পষ্ট করছে।

বিশ্লেষক ও ব্রোকারেজ হাউসগুলোর মতে, আস্থার সংকটই বাজারবিমুখ হওয়ার প্রধান কারণ। ফ্লোর প্রাইসের কারণে দীর্ঘদিন বিনিয়োগকারীদের টাকা আটকে ছিল। ফ্লোর উঠানোর পর শেয়ার দরপতন তাঁদের আরও নিরুৎসাহিত করেছে। এর সঙ্গে নতুন কোনো মানসম্মত আইপিও না আসায় বাজারে প্রাণ ফেরেনি।

এক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, “বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি আতঙ্কে ভুগছেন। বাজারে দৃশ্যমান কোনো সংস্কার বা ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

করোনাকালে বাজারে প্রবেশ করা ক্ষুদ্র বিনিয়োগকারী আফতাব হোসেন বলেন, “ব্যাংকের চেয়ে বেশি লাভের আশায় শেয়ারবাজারে টাকা রেখেছিলাম। কিন্তু দুই বছরে লোকসান ছাড়া কিছু পাইনি। এখন টাকাটা ব্যাংকের এফডিআরে রাখছি। অন্তত মূলধন নিরাপদ থাকবে।”

অর্থনীতিবিদদের মতে, পুঁজিবাজার দেশের সামগ্রিক অর্থনীতির প্রতিফলন। বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, যা মানুষের সঞ্চয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলো ১১–১২ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ শেয়ারবাজারের বদলে নিরাপদ ব্যাংক আমানতকে বিনিয়োগকারীরা যৌক্তিক বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন।