বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে বাড়তি ট্যারিফ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এক মাস স্থগিত রাখার পর আগামী ১৪ অক্টোবর রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবাখাতে বর্ধিত ট্যারিফ (মাশুল) আদায় শুরু হবে। বুধবার (১ অক্টোবর) বন্দর সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুযায়ী ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের আপত্তির কারণে তা এক মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। এবার নির্ধারিত সময় অনুযায়ী ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে নতুন হারে মাশুল কার্যকর হবে।

চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাব বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময়ের পর বন্দরে আসা সব জাহাজ, কনটেইনার ও কার্গো বিল নতুন রেট অনুযায়ী নেওয়া হবে। সিঅ্যান্ডএফ প্রতিনিধি ও অন্যান্য ব্যবহারকারীদেরও বর্ধিত হারে মাশুল দিতে হবে। শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে নির্ধারিত হারে অর্থ জমা রেখে ছাড়পত্র নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাতে জারি করা প্রজ্ঞাপনে বন্দরের বিভিন্ন সেবাখাতে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে নৌ-পরিবহন উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন ২০ সেপ্টেম্বর তা এক মাসের জন্য স্থগিত রাখেন।

বর্তমানে বন্দরে ৫২টি খাতে মাশুল আদায় হয়, যার মধ্যে ২৩টি খাতে সরাসরি নতুন ট্যারিফ কার্যকর হবে। গেজেট অনুযায়ী, ভাড়া, টোল, ফি ও মাশুল ডলারের বিনিময়মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে ১২২ টাকা; হার বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে।

সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কনটেইনার পরিবহন খাতে। আগে প্রতি ২০ ফুট কনটেইনারে মাশুল ছিল ১১ হাজার ৮৪৯ টাকা, যা বাড়িয়ে ১৬ হাজার ২৪৩ টাকা করা হয়েছে। এতে গড়ে প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। নতুন নিয়মে আমদানি কনটেইনারে ৫ হাজার ৭২০ টাকা এবং রফতানি কনটেইনারে ৩ হাজার ৪৫ টাকা বেশি গুনতে হবে। এছাড়া প্রতিটি কনটেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় ৩ হাজার টাকা বাড়তি খরচ যুক্ত হবে।

ফলে সামগ্রিকভাবে কনটেইনার পরিবহনে ২৫ থেকে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।