নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে ভারতের গৌহাটিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলংকা। হাইব্রিড মডেলে আয়োজিত এবারের টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সহ-আয়োজক শ্রীলংকার কলম্বোতে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে— অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং স্বাগতিক ভারত। বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
মোট আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ৩১টি ম্যাচ আয়োজন করা হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ২৬ অক্টোবর লিগ পর্ব শেষ হওয়ার পর শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। ২৯ ও ৩০ অক্টোবর দুই সেমিফাইনালের পর ২ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।
১৯৭৩ সালে ইংল্যান্ডে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কেবল অস্ট্রেলিয়া (৭), ইংল্যান্ড (৪) এবং নিউজিল্যান্ড (১) শিরোপা জিতেছে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে উঠেও ট্রফির দেখা পায়নি।
২০২২ সালে অভিষেক হওয়া বাংলাদেশ প্রথমবার মাত্র এক জয় পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। তবে এবার অতীত ভুলে বড় সাফল্যের লক্ষ্য নিয়ে খেলতে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে তিনি বলেন, “এটি আমাদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এবার আমরা অভিজ্ঞ। দেশে ও বিদেশে নিয়মিত খেলার কারণে বড় টুর্নামেন্টে ম্যাচ জেতার কৌশল আমরা শিখেছি।”
বাংলাদেশ আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ধারাবাহিকভাবে খেলবে ইংল্যান্ড (৭ অক্টোবর, গৌহাটি), নিউজিল্যান্ড (১০ অক্টোবর, গৌহাটি), দক্ষিণ আফ্রিকা (১৩ অক্টোবর, বিশাখাপত্তম), অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর, বিশাখাপত্তম), শ্রীলংকা (২০ অক্টোবর, নাভি মুম্বাই) ও ভারত (২৬ অক্টোবর, নাভি মুম্বাই)–এর বিপক্ষে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।




