সঙ্গীতশিল্পী দেবলীনা সুরের কাছে শারদীয় দুর্গাপূজা মানেই বাড়তি ব্যস্ততা। টেলিভিশনের অনুষ্ঠান থেকে শুরু করে পূজার মণ্ডপ এবং দেশ-বিদেশের মঞ্চ—সবখানেই তার উপস্থিতি লেগেই থাকে। এবারের পূজাতেও তার ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এ অংশ নেবেন তিনি। আগামী ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে একক সঙ্গীত পরিবেশন করবেন দেবলীনা।
শুধু তাই নয়, পূজা উপলক্ষে ‘আমার রাত পোহালো’ রবীন্দ্রসংগীতটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন সৌরভ ভট্টাচার্য এবং ভিডিও নির্মাণ করেছেন দেবলীনার স্বামী সুমন সাহা।
টেলিভিশনের বিভিন্ন বিশেষ আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি পূজার মণ্ডপগুলোতেও গাইবেন তিনি। নিজের ব্যস্ততা নিয়ে দেবলীনা বলেন, “প্রতি উৎসবেই ব্যস্ততা বাড়ে, তবে পূজা এলে সেটা আরও বেড়ে যায়। আমি এই ব্যস্ততাই উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলে আনন্দই লাগে। সবার ভালোবাসায় এবারের উৎসবটিও যেন সুন্দরভাবে কাটে, সেই প্রত্যাশা করি।”




