বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২৮ সেপ্টেম্বর) ইতিহাস গড়ল ভারত। এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড নবমবারের মতো শিরোপা জিতেছে তারা। একইসঙ্গে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল দলটি।

টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬)-এর উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু করলেও পরের ব্যাটাররা ভেঙে পড়েন ভারতের স্পিন ও পেস আক্রমণে। কুলদীপ যাদব ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন। বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলও নিয়মিত সাফল্য এনে দেন। ১৯.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ২০ রানে ৩ উইকেট হারায় তারা। তবে মিডল অর্ডারে তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের জুটি ভারতকে ম্যাচে ফেরায়। স্যামসন আউট হওয়ার পর শিবম দুবের সঙ্গে তিলক আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। রউফের প্রথম তিন বলে ৯ রান তুলে নেন তিলক ও রিঙ্কু সিং। এরপর চতুর্থ বলেই চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন রিঙ্কু।

তিলক ভার্মা ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচসেরা হন। দুবে ২২ বলে ৩৩ এবং রিঙ্কু ৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ফাহিম ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৪৬/১০ (১৯.১ ওভার) – ফারহান ৫৭, জামান ৪৬, কুলদীপ ৪/৩০।
ভারত : ১৫০/৫ (১৯.৪ ওভার) – তিলক ৬৯*, দুবে ৩৩, ফাহিম ৩/২৯।
ফল : ভারত ৫ উইকেটে জয়ী হয়ে শিরোপা জয়।