ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে হলে দেশটিকে রাশিয়ার তেল আমদানি কমাতে হবে—এমন শর্ত দিয়েছে আমেরিকা। দুই দেশের আলোচনায় ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি, ভারতের বাজারে প্রবেশাধিকার এবং রুশ তেল কেনার বিষয়টিকে আলোচনার প্রধান ইস্যু হিসেবে তুলেছে।
আমেরিকার এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক পথে এগোলেও এখনো অনেক কাজ বাকি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই রাশিয়ার তেল বিক্রয় কমাতে চাপ দিচ্ছেন। তার দাবি, ভারত, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করলে মস্কোর আয়ের ধস নামবে এবং ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে। এজন্যই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তিকে তিনি রুশ তেল আমদানির সঙ্গে সরাসরি যুক্ত করেছেন।
তবে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েও ট্রাম্প এখন পর্যন্ত তেমন অগ্রগতি দেখাতে পারেননি। এ কারণে তার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।
রুশ তেল কেনা বন্ধে চাপ দিতে আমেরিকা ইতিমধ্যে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এ ঘটনায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও পরে ট্রাম্প আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে উল্লেখ করেন।
শুল্ক বৃদ্ধির পরও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের প্রত্যাশা, চলতি বছরের মধ্যেই আমেরিকার সঙ্গে একটি বাণিজ্যচুক্তি সম্পন্ন হবে।
চীনের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছেন ট্রাম্প। বেইজিং রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা হলেও চীনা পণ্যে তিনি নতুন শুল্ক আরোপ করেননি। বরং সূক্ষ্ম বাণিজ্য সমঝোতা বজায় রাখতে এ অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ভারত অবশ্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তাদের মতে, অর্থনীতির জন্য তেল আমদানি অপরিহার্য। একই সঙ্গে তারা পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করেছে, যাদের অনেকেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।




