আমেরিকার ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ সেরা অভিনেতার পুরস্কার জিতলেন বাংলাদেশি অভিনেতা ইন্তেখাব দিনার।
গত ২২ আগস্ট ১১তম এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’-এ অভিনয় করে এই স্বীকৃতি পেলেন দিনার। তার সঙ্গে ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির পরিচালক বিজন ইমতিয়াজও জিতেছেন সেরা নির্মাতার পুরস্কার।
এতে দিনার অভিনয় করেছেন নাম ভূমিকায়, কাশেম চরিত্রে। গল্পে দেখা যায়, ভেতরের এক ভিন্ন সত্তা আবিষ্কার করে জীবনে তোলপাড়ের মুখে পড়ে কাশেম। সেই দ্বন্দ্ব, টানাপোড়েন আর আবেগকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেছেন দিনার।
নিজের পরিচালিত সিনেমার দুটি পুরস্কার জয়ে আনন্দিত বিজন ইমতিয়াজ। তিনি বলেন, ‘দিনার ভাই এমন একজন অভিনেতা যিনি মুহূর্তেই চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারেন। এই সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা আর পুরস্কার দুটোই তার প্রাপ্য।’
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন। এটি যৌথভাবে প্রযোজনা করেছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনস।
উল্লেখ্য, এর আগে অস্কার কোয়ালিফাইং রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এও গ্র্যান্ড প্রাইজ জিতে নিয়েছিল ‘আ থিং অ্যাবাউট কাশেম’। ফলে অস্কারের দৌড়েও এগিয়ে গেল ইন্তেখাব দিনার অভিনীত এ সিনেমাটি। এছাড়াও, স্পেনের ‘ক্যাওস্টিকা’ এবং নিউ ইয়র্কের ‘৪৮তম এশিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও এটি প্রদর্শিত হয়েছে।




