বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরির ম্যাচে সুপার ওভারে ভারতের জয়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াই উপহার দিল ভারত ও শ্রীলংকা। পাথুম নিশাঙ্কার ঝড়ো সেঞ্চুরির পরও সুপার ওভারে জয় তুলে নেয় ভারত।

শুক্রবার দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে ভারত। ওপেনার শুভমান গিল দ্রুত আউট হলেও অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৭১ রান পায় ভারত। তিনি ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এবং ৮ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৬১ রান করে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের ব্যাটে বড় সংগ্রহ গড়ে ভারত। শেষ দিকে অক্ষর প্যাটেলের সঙ্গে তিলকের অবিচ্ছিন্ন জুটিতে দল পৌঁছে যায় ২০০ রানের ঘরে।

জবাবে শ্রীলংকা শুরুতে কুশল মেন্ডিসকে হারালেও নিশাঙ্কা ও কুশল পেরেরা দ্বিতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন। পেরেরা ৩২ বলে ৫৮ রান করে আউট হলেও নিশাঙ্কা এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল শ্রীলংকার। নিশাঙ্কা আউট হওয়ার পরও বাকি ব্যাটাররা লড়াই চালিয়ে যান এবং ২০ ওভারে ২০২ রানে থেমে ম্যাচ টাই করেন। নিশাঙ্কা ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ১০৭ রান।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শ্রীলংকা ব্যাট হাতে ব্যর্থ হয়—মাত্র ২ রান তোলে এবং ২ উইকেট হারায়। জবাবে ভারতের ব্যাটাররা প্রথম বলেই ৩ রান নিয়ে জয় নিশ্চিত করে।

এই জয়ে সুপার ফোরে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল ভারত। অন্যদিকে সব ম্যাচ হেরে ছিটকে গেল শ্রীলংকা। টেবিলের দ্বিতীয় স্থানে থেকে পাকিস্তান ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। বাংলাদেশ ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে আসর শেষ করেছে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০২/৫, ২০ ওভার (অভিষেক ৬১, তিলক ৪৯*, স্যামসন ৩৯)
শ্রীলংকা: ২০২/৫, ২০ ওভার (নিশাঙ্কা ১০৭, কুশল পেরেরা ৫৮)
সুপার ওভার: শ্রীলংকা ২/২, ভারত ৩/০
ফল: সুপার ওভারে ভারত জয়ী