বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ১১ রানে হারিয়েছে বাংলাদেশকে। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান থেকে ফাইনাল নিশ্চিত করে বাবর আজমের দল। সমান পয়েন্ট পাওয়া ভারত রান রেটে এগিয়ে শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরির কারণে এ ম্যাচেও দলে ছিলেন না।

পাকিস্তান ইনিংসের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ৫ রানে তারা হারায় দুই উইকেট। তাসকিন আহমেদ শিকার করেন শাহিবজাদা ফারহানকে (৪), যেটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম উইকেট। অপর ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হন মাহেদির বলে, যা এবারের আসরে তার চতুর্থ ডাক।

পরের ধাপে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের ঘূর্ণি-পেস আক্রমণে চাপে পড়ে পাকিস্তান। ৭১ রানে হারায় ৬ উইকেট। তবে উইকেটরক্ষক মোহাম্মদ হারিস (৩১) ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের (২৫) ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ গড়ে দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, মাহেদি ও রিশাদ ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে আফ্রিদির বলে শূন্য রানে আউট হন পারভেজ ইমন। এরপর একে একে সাজঘরে ফেরেন সাইফ হাসান (১৮), তাওহিদ হৃদয় (৫), মাহেদি (১১), নুরুল (১৬) ও অধিনায়ক জাকের আলি (৫)। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রান চাপিয়ে নিতে পারেনি টাইগাররা।

সর্বোচ্চ ৩০ রান করেন শামীম হোসেন। শেষদিকে রিশাদ হোসেন অপরাজিত ১৬ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১২৪ রানে। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন।

এনিয়ে ৬ষ্ঠ বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো পাকিস্তান। টুর্নামেন্টটিতে দুই শিরোপা জয়ের কীর্তি রয়েছে গ্রীন ক্যাপদের।

এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ফাইনাল। ২০১২, ২০১৬ ও ২০১৮ সাল— মোট তিনবার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি টাইগারদের।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৩৫/৮, ২০ ওভার (হারিস ৩১, নাওয়াজ ২৫; তাসকিন ৩/২৮)
বাংলাদেশ: ১২৪/৯, ২০ ওভার (শামীম ৩০; আফ্রিদি ৩/১৭, রউফ ৩/২৪)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী।