দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। ‘অতীত গল্পগুলি’ শিরোনামের এই গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে এফএ মিউজিকের ব্যানারে।
গানটির কথা লিখেছেন এফএ মিউজিকের কর্ণধার ও গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ সংগীত পরিচালক সম্রাট আহমেদ।
নতুন গান নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে সাবিনা ইয়াসমিন বলেন, “বহুদিন পর এমন একটি গান গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্য রকম আনন্দ দিয়েছে। গানের কথাগুলো গভীরভাবে আমার মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য এত সুন্দর একটি গান লিখেছেন। সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীতায়োজন গানটিতে ভিন্নতা এনেছে।”
গীতিকবি ফারুক আনোয়ার জানান, “গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে মাথায় রেখেই লিখেছি। তার মতো বরেণ্য শিল্পীর ভালো লাগায় আমি কৃতজ্ঞ।”
অন্যদিকে সুরকার ও সংগীত পরিচালক সম্রাট আহমেদ বলেন, “ফারুক আনোয়ার স্যার যখন আমাকে সাবিনা ইয়াসমিন আপার জন্য সুর করতে বললেন, তখন আমি কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী স্যারকে স্মরণ করেছি। তার সুরেই সাবিনা ইয়াসমিন আপার অধিকাংশ গান জনপ্রিয় হয়েছে। তাই আমি চেষ্টা করেছি সেই ধাঁচে সুর করার। আশা করি শ্রোতারা গানটিতে ভিন্ন কিছু পাবেন।”
জানা গেছে, গানটির মিউজিক ভিডিও খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মে এফএ মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে।




