প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউডের কিং খান শাহরুখ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান গ্রহণ করেন তিনি।
৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিলেও এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন শাহরুখ। ‘জিরো’ ছবির ব্যর্থতার পর প্রায় চার বছর বিরতি নেন তিনি। এরপর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র মতো একের পর এক ব্লকবাস্টার ছবির মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন করেন। এর মধ্যে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’-এর অভিনয়ের সুবাদেই জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।
পুরস্কার জয়ের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখকে অভিনন্দনের বার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা। স্ত্রী গৌরী খানও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “কী দারুণ যাত্রা ছিল শাহরুখ খানের! জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। এটি একেবারেই প্রাপ্য সম্মান, বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল।”
গৌরী আরও জানান, বিশেষ এ অর্জনের স্মারক হিসেবে তিনি নিজ হাতে একটি শোকেস ডিজাইন করছেন, যেখানে পুরস্কারটি সংরক্ষণ করবেন শাহরুখ।
গৌরীর পোস্টে নেটিজেনরাও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ গৌরীকেও এই অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন।
জানা গেছে, বর্তমানে পোল্যান্ডে ‘কিং’ ছবির কাজে ব্যস্ত ছিলেন শাহরুখ খান। কিন্তু জাতীয় পুরস্কার গ্রহণের জন্য বিশেষভাবে কাজ স্থগিত রেখে দিল্লি উড়ে আসেন বলিউড বাদশাহ।




