২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৪১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে নিট বিক্রি দাঁড়িয়েছে এক হাজার ২৯৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল দুই হাজার ১৮৭ কোটি টাকা। তবে পরিমাণ কমলেও আগের তিন বছরের মতো এবার নিট বিক্রি ঋণাত্মক হয়নি।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক আমানতে সুদের হার বৃদ্ধি এবং বন্ডে বিনিয়োগের সুবিধা সঞ্চয়পত্রে বিনিয়োগের আগ্রহ কমাচ্ছে। জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতি সামান্য কমে ৮.৫ শতাংশে নেমেছে, তবুও এটি পরিবারগুলোর বাজেটে চাপ সৃষ্টির মতো উচ্চ পর্যায়েই রয়ে গেছে। ক্ষুদ্র সঞ্চয়কারীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন, অন্যদিকে অনেক গ্রাহক বেশি সুদ ও নমনীয়তার কারণে ব্যাংক আমানত ও ট্রেজারি বন্ডে ঝুঁকছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই শেষে ছয় মাসমেয়াদি ট্রেজারি বিলে সুদহার দাঁড়িয়েছে ১১.১৬ শতাংশ এবং দীর্ঘমেয়াদি বন্ডে ১২.৮১ শতাংশ পর্যন্ত উঠেছে। তুলনায় সঞ্চয়পত্রে মুনাফা সর্বনিম্ন ৭.৭১ এবং সর্বোচ্চ ১১.৭৬ শতাংশ। এছাড়া ব্যাংক আমানত যেকোনো সময় ভাঙানো যায়, কিন্তু সঞ্চয়পত্রের জন্য অন্তত তিন বছর অপেক্ষা করতে হয়। ফলে বিনিয়োগকারীদের কাছে ব্যাংক ও বন্ড বেশি লাভজনক হয়ে উঠছে।
গত তিন অর্থবছরে সঞ্চয়পত্রে ঋণাত্মক বিক্রি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ২১ হাজার ১২৪ কোটি টাকা ঋণাত্মক বিক্রি হয়। ২০২২-২৩ সালে তা ছিল তিন হাজার ২৯৫ কোটি এবং ২০২৪-২৫ সালে ছয় হাজার ৬৩ কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয়কারীরা পুরনো সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন, নতুন করে কিনছেন না।
অর্থনীতিবিদদের মতে, সরকারের সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমছে। কারণ এ খাতে সুদের হার ব্যাংক ঋণ ও ট্রেজারি বন্ডের তুলনায় বেশি। একইসঙ্গে আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। এতে অবসরভোগী, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বঞ্চিত হচ্ছেন। আগে সঞ্চয়পত্রের সুদ ছিল জীবনযাত্রার খরচ নির্বাহের অন্যতম ভরসা, এখন সেটি কমে আসছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম মনে করেন, ব্যাংক আমানত ও বন্ডে বেশি মুনাফা এবং সহজলভ্যতার কারণে সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ কমছে। একইভাবে সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, আইএমএফের শর্ত মানতেই সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে, যা মধ্যবিত্ত ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
বর্তমানে সরকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ক্রমান্বয়ে কমিয়ে এনেছে— ৩৫ হাজার কোটি টাকা থেকে নেমে এসেছে ১২ হাজার ৫০০ কোটিতে। ফলে একসময় বাজেট ঘাটতি মেটানোর বড় উৎস ছিল সঞ্চয়পত্র, এখন সেটি গুরুত্ব হারাচ্ছে।




