বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’ প্রথমবারের মতো আমেরিকা সফরে যাচ্ছে। আসছে অক্টোবর থেকে শুরু হওয়া এই সফরে ব্যান্ডটি পারফর্ম করবে আমেরিকার বেশ কয়েকটি শহরে। একই মাসে প্রকাশ পাবে তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’।
আয়োজক সূত্রে জানা গেছে, অর্থহীনের আমেরিকা সফর শুরু হবে ২৫ অক্টোবর বোস্টন থেকে। এরপর ধারাবাহিকভাবে ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানাতে পারফর্ম করবে তারা। আয়োজক মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস জানিয়েছে, আরও কিছু শহরে শো যোগ হতে পারে।
১৯৯০-এর দশকে যাত্রা শুরু করা অর্থহীন বাংলাদেশের ব্যান্ডসংগীতে নতুন ধারা সৃষ্টি করেছিল। ‘এপিটাফ’, ‘চাইতেই পারো’, ‘স্বপ্নগুলো তোমার মতো’, ‘যদি কোনোদিন’, ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘বোকা মানুষটা’সহ অসংখ্য গান দিয়ে তারা তরুণদের কাছে জনপ্রিয়তা পায়। তবে ব্যান্ডের ফ্রন্টম্যান ও বেজিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেজবাবা সুমন) অসুস্থতার কারণে দীর্ঘ সময় মঞ্চ ও অ্যালবাম থেকে দূরে থাকতে হয় দলটিকে।
ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ২০২২ সালে অর্থহীন প্রকাশ করে অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি’, যা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এ বছরই আসছে ‘ফিনিক্সের ডায়েরি-২’।
বর্তমানে অর্থহীনের লাইনআপে আছেন সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) এবং এহতেশাম আলী (গিটার)। আমেরিকা সফরে তাদের পরিবেশনায় ভক্তরা শুনতে পাবেন নতুন অ্যালবামের গানগুলোর পাশাপাশি পুরোনো জনপ্রিয় গানও।




