ফের বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় বাদ আসর ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন। অভিনেত্রীর বর তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
বিয়ের অনুভূতি প্রসঙ্গে ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল; আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।” তিনি জানান, সিদ্ধান্তটি হঠাৎ হওয়ায় তাঁর একমাত্র ননদ বিদেশে থাকায় অনুষ্ঠানটিতে থাকতে পারেননি। পরে সহকর্মী, আত্মীয়–স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনার পরিকল্পনা রয়েছে।
তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যানশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ব্যাংকিং খাতে কর্মরত। নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন দম্পতি।
শোবিজে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া নাটক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। বড় পর্দায় অনম বিশ্বাসের ‘দেবী’ এবং ওটিটি–তে অমিতাভ রেজা চৌধুরীর ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি পেশাগত কাজে বেশি সময় দিচ্ছেন, তবে সামাজিক ইস্যুতে সোচ্চার উপস্থিতি বজায় রেখেছেন।
এটা ফারিয়ার দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন তিনি; ২০২০ সালের ২৭ নভেম্বর ওই দাম্পত্যের ইতি টানেন। অপুও পরবর্তীতে নওরিন আহমেদকে বিয়ে করেছেন।




