সংযুক্ত আরব আমিরাতকে সহজে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া ‘এ’ গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ৪১ রানে জিতেছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করে তারা তোলে ৯ উইকেটে ১৪৬ রান। জবাবে ১৪ বল বাকি থাকতে স্বাগতিক আরব আমিরাত অলআউট হয় মাত্র ১০৫ রানে।
আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচটা ছিল নকআউট। এই ম্যাচের জয়ী দলেরই নিশ্চিত হওয়ার কথা সুপার ফোর। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যু। ভারতের ক্রিকেটাররা করমর্দন না করায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় দাঁড় করায় পাকিস্তান। তার অপসারণ দাবিতে বুধবার বিকালের পর থেকে নানা নাটকীয়তার জন্ম দেয় পিসিবি। অবশেষে গ্রুপ ‘এ’ থেকে ভারতের পর সুপার ফোর নিশ্চিত হয়েছে পাকিস্তানেরও।
টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৪৬/৯। শুরুতে সাইম আয়ুব ‘ডাক’ এবং শাহেবজাদা ফারহান দ্রুত ফিরলে চাপ বাড়ে। তৃতীয় উইকেটে ফখর জামান–সালমান আগা জুটি ইনিংসটাকে টেনে তোলেন; ফখর ৩৬ বলেই হাফসেঞ্চুরি (৫০) ছুঁয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাঝপথে নিয়মিত উইকেট হারানোয় রানচাকা ধীর হয়ে যায়, তবে ডেথ ওভারে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ধুंधুমার ২৯ (দুই চার, এক ছক্কা) দলকে লড়াইয়ের স্কোরে পৌঁছে দেয়। ইউএই’র পেসার জুনাইদ সিদ্দিক ৪/১৮ ও বাঁহাতি স্পিনার সিমরনজিৎ সিং ৩ উইকেট নিয়ে পাকিস্তানি ব্যাটিংয়ে লাগাম টানেন।
টার্গেট তাড়ায় ওপেনিং ধাক্কা সামলে রাহুল চোপড়া ৩৫ রানে লড়াইয়ের ইঙ্গিত দিলেও মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়। পাকিস্তানের পেস–স্পিন মিশ্রণে চাপ তৈরি হয় শুরু থেকেই—শাহীন নতুন বলে গতি–সুইং, হারিস রউফের শর্ট–অফ–লেংথ ও আব্রার আহমেদের ভ্যারিয়েশন রান আটকে রাখে। তিনজনই ২টি করে উইকেট নেন; সহায়তা করেন বাকিরাও টাইট ফিল্ডিংয়ে। ১০–১৫ ওভারের ফেজে ডট ওভারের চাপ থেকে বড় শট নিতে গিয়ে ইউএই ব্যাটাররা ক্যাচ তুলতে বাধ্য হন। আমিরাত ১৭.৪ ওভারে ১০৫ অলআউট হয়।
রবিবার পাকিস্তান–ভারত হাই-ভোল্টেজ রিম্যাচ হওয়ার কথা।




