জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। বাংলাদেশের ভক্তদের জন্য এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি বহুজাতিক কোম্পানির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে হানিয়ার বক্তব্য—“হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি। সবার সঙ্গে দেখা হবে।”
একটি বহুজাতিক কোম্পানির আমন্ত্রণে তিনি ঢাকায় অবস্থানকালে অংশ নেবেন একাধিক অনুষ্ঠানে। আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন প্রোডাক্ট। এর প্রচারণার অংশ হিসেবেই তার এ সফর।
তবে ঠিক কোন তারিখে তিনি আসবেন, তা পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন হানিয়া।
২০১৬ সালে ‘জনান’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর হানিয়া টিভি নাটকেও সমান জনপ্রিয়তা পান। ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক ধারাবাহিকে অভিনয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সম্প্রতি বলিউডের ‘সরদারজি ৩’–এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেকের খবরও আলোচনায় রয়েছে।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও হানিয়ার উল্লেখযোগ্য ফ্যানবেইস গড়ে উঠেছে। ঢাকায় সরাসরি প্রিয় তারকাকে দেখার সম্ভাবনায় উচ্ছ্বসিত ভক্তরা আয়োজকদের আনুষ্ঠানিক তারিখ ঘোষণার অপেক্ষায়।




