জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫৫৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনায় এ আদেশ জারি হয়। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা–৩–এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা প্রথম প্রজ্ঞাপনে ৪৫৯ জন এবং অপর প্রজ্ঞাপনে ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি–পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর আরও ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে। কয়েক মাস ধরেই সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীদের ব্যাপক রদবদল চলছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে কয়েকজন কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এদিকে মানি লন্ডারিং–সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গাজীপুর কর অঞ্চল–সার্কেল ৪–এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে এনবিআর সাময়িক বরখাস্ত করেছে। সংস্থাটির বিভিন্ন দপ্তরে চলমান শৃঙ্খলাবিষয়ক পদক্ষেপের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।




