বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটিং নৈপুণ্যে এশিয়া কাপে সুপার ফোরের খুব কাছে পৌঁছে গেছে শ্রীলংকা। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানরা হংকংকে হারিয়েছে ৪ উইকেটে। ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় নিশাঙ্কার ৬৮ রানের ইনিংসেই জয়পথ মজবুত হয়; শেষ দিকে হাসারাঙ্গা ডি সিলভা ৯ বলে অপরাজিত ২০ রানের ঝড় তুলে কাজ শেষ করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা হংকংয়ের শুরুটা ছিল ছন্দময়। জিশান আলি–অংশুমান রাথের উদ্বোধনী জুটিতে ২৯ বলে আসে ৪১ রান। চামিরা জিশানকে ফিরিয়ে দিলে (১৭ বলে ২৩) ছন্দপতন ঘটে। বাবর হায়াত (৪) দ্রুত আউট হয়ে গেলে ৫৭ রানে ২ উইকেট হারায় হংকং। তবে রাথ ও নিজাকাত খান তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। হাফ–সেঞ্চুরির আভাস দিয়েও রাথ ৪৬ বলে ৪ চার মেরে ৪৮ রানে চামিরার দ্বিতীয় শিকার হন। নিজাকাত ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫২ রানে দলকে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯–এ পৌঁছে দেন। শ্রীলংকার হয়ে চামিরা ২৯ রানে নেন ২ উইকেট।

জবাবে শ্রীলংকা ১৫ ওভার শেষে ২ উইকেটে ১১৯ রান তুলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। তবে সেখান থেকে ৮ রানের ব্যবধানে ৪ উইকেট পড়ে কিছুটা চাপ তৈরি হয়। সপ্তম উইকেটে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ১১ বলে অপরাজিত ২৬ রানের জুটি গড়ে দলকে ১৮.৫ ওভারে টেপআউট করেন হাসারাঙ্গা। শানাকা ৩ বলে ৬ রানে সঙ্গ দেন। হংকংয়ের মুর্তাজা নেন ২ উইকেট।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলংকা, সুপার ফোরে উঠতে তাদের আনুষ্ঠানিকতা বাকি মাত্র। তিন ম্যাচেই হেরে শূন্য হাতে গ্রুপ পর্ব শেষ করল হংকং।

সংক্ষিপ্ত স্কোর
হংকং: ১৪৯/৪, ২০ ওভার (নিজাকাত ৫২*, রাথ ৪৮; চামিরা ২/২৯)
শ্রীলংকা: ১৫৩/৬, ১৮.৫ ওভার (নিশাঙ্কা ৬৮, হাসারাঙ্গা ২০*; মুর্তাজা ২/৩৭)
ফল: শ্রীলংকা ৪ উইকেটে জয়ী।