বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিডার ওয়ানস্টপ সার্ভিসে নতুন ৫ সেবা, এক প্ল্যাটফর্মেই এখন ১৪২ সেবা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা যুক্ত হয়েছে। এতে ওএসএস–এ সেবাদানকারী সংস্থার সংখ্যা দাঁড়াল ৪৭ এবং মোট সেবা ১৪২টি।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজন করা অনুষ্ঠানে সেবাগুলো উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

নতুন সংযুক্ত সেবাগুলো হলো—জমি কেনার দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল, এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু ছিল; নতুন পাঁচটি সেবা যোগ হওয়ায় মোট সেবা বেড়ে হলো ১৪২।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।

তিনি আরো বলেন, ‘বিডা, বেজাসহ দেশের সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ চলতি বছরের শেষ নাগাদ ‘সিঙ্গল উইন্ডো’ প্ল্যাটফর্ম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এই প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের সব সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। বাণিজ্যিকভাবে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে শেষ করার কাজ চলছে। জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।’

আরেক বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, ‘সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে, যেন হয়রানি বা তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপ করে সুবিধা নিতে না পারে।’

বিডার উপপরিচালক আবু মুহাম্মদ নূরুল হায়াত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এতে আরো বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান এবং বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়।

অনুষ্ঠানে বিডার নির্বাহী সব সদস্য, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাবরেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।