বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাল্টা শুল্ক নিয়ে আলোচনায় রবিবার ঢাকায় আসছে আমেরিকার প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমানো ও দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির খসড়া চূড়ান্ত করতে রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় আসছে ইউএসটিআর–এর (আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর) একটি উচ্চপর্যায়ের দল। দুই দিনের সফরে তারা বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার রাজধানীতে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫’–এর উদ্বোধনে বলেন, পাল্টা শুল্ক ও শুল্ক কাঠামো নিয়ে আমেরিকার দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ইউএসটিআরের সঙ্গে চলমান আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্যচুক্তির খসড়া প্রস্তুত আছে; আসন্ন বৈঠকে দর–কষাকষির পর এটিই চূড়ান্ত করার লক্ষ্য।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। দলটি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করবে।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, আমেরিকার ২০ শতাংশ পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, আমেরিকাগামী রপ্তানি পণ্যে শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে; মূল লক্ষ্য দ্রুত বাণিজ্যচুক্তি চূড়ান্ত ও শুল্কহ্রাস নিশ্চিত করা।

ব্যবসায়ী মহল মনে করছে, শুল্ক কমলে আমেরিকার তৈরি পোশাকসহ রপ্তানি প্রতিযোগিতা বাড়বে এবং চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে গতি আসবে। সফরটির ফলাফলের ওপর দ্বিপক্ষীয় বাণিজ্য–সম্পর্ক নতুন গতি পেতে পারে বলে নীতিনির্ধারকরা আশা করছেন।