বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে আরো জানা গেছে, দেশে সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে ১ দশমিক ১৩ বিলিয়ন (১১৩ কোটি) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৭৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
অর্থাৎ প্রতিদিন গড়ে আসছে ১১ কোটি ৩ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৩৮১ কোটি টাকার প্রবাসী আয়। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রতীক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয় এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নতির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত উদ্যোগ, বাজার মনিটরিং এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ—এই রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাম্প্রতিক সময়ে প্রবাসী আস্থাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। শুধু গত অর্থবছরেই প্রবাসীরা পাঠিয়েছেন ৩০৩৩ কোটি ডলার, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির অন্যতম প্রধান উৎস।




