বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় ফুটবল দলসহ নেপালে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরেছেন। বুধবার বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ সি-১৩০ উড়োজাহাজে জাতীয় ফুটবল দল কাঠমান্ডু ত্যাগ করে। প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, স্থানীয় সময় বিকেল ২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিট) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড়ে যায়। খেলোয়াড়দের সঙ্গে দলের কর্মকর্তারাও একই ফ্লাইটে ফিরেছেন। স্বল্প সময়ে নিরাপত্তা ও ছাড়পত্রের ব্যবস্থা করায় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছে দূতাবাস।
আটকে পড়া সাধারণ যাত্রীদের ফেরাতে নেপালের সিভিল এভিয়েশন অথরিটির সহযোগিতায় বিমানের একটি অতিরিক্ত ফ্লাইটও আজ ঢাকায় আসে। এতে ৯ ও ১০ সেপ্টেম্বর থেকে স্থগিত ফ্লাইটের যাত্রীরা দেশে ফেরেন। গত দুই দিনে কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে আটকে পড়া বাংলাদেশিদের শনাক্ত ও সহায়তায় দূতাবাস কর্মকর্তারা সরেজমিনে কাজ করেন।
দূতাবাস জানায়, সাম্প্রতিক দিনগুলোতে প্রবাসী ও আটকে পড়া নাগরিকদের কাছ থেকে ৬০০টিরও বেশি ফোনকল এসেছে; নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণে সহায়তা অব্যাহত থাকবে।




