বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যমতে ২০২৫ সালের আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট সার্বিক মূল্যস্ফীতি ৮.২৯%, যা জুলাইয়ের ৮.৫৫% থেকে কিছুটা কম। তবে একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে—বাজারে চাল, ডাল, সবজি ও মসলার দামের চাপ অব্যাহত থাকায় খাদ্যঝুড়ির ওপর এই ঊর্ধ্বমুখী প্রভাব দেখা গেছে। বিপরীতে নন-ফুড বা খাদ্য বহির্ভূত পণ্য ও সেবায় মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমেছে বলে জানান নীতিনির্ধারকরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এটি জানা গেছে।
মূলত খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতির এ নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের জুন মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮.৪৮ শতাংশ।
বিবিএসের তথ্যমতে, আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০ শতাংশ হয়েছে, যা জুলাই মাসে ছিল ৭.৫৬ শতাংশ। তবে, খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আগের মাসের ৯.৩৮ শতাংশ থেকে কমে ৮.৯০ শতাংশে নেমে এসেছে।
একই সময়ে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
অর্থনীতিবিদদের মতে, সার্বিক হার কমলেও ৮ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি এখনো উচ্চ—বিশেষ করে খাদ্যদ্রব্যের ধারাবাহিক মূল্যচাপ নিম্ন-আয়ের পরিবারে ভোগান্তি বাড়াচ্ছে। তারা আমদানি-নির্ভর কাঁচামালে স্থিতিশীলতা, ভোক্তা সরবরাহ চেইনে নজরদারি, বাফার স্টক ব্যবস্থাপনা জোরদার ও বাজার তদারকির পাশাপাশি কঠোর মুদ্রানীতি ধারাবাহিকভাবে প্রয়োগ–এর ওপর জোর দিচ্ছেন।
সরকারি সংস্থা ও বাজার পর্যবেক্ষকদের মতে, মৌসুমি যোগান, আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্য ও জ্বালানির দামের ওঠানামা এবং বিনিময় হার—এসবই সামনের মাসগুলোর মূল্যস্ফীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। নিত্যপণ্যে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং, উন্মুক্ত বাজার বিক্রি (ওএমএস) জোরদার এবং আমদানি শুল্ক-ভ্যাটে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখার পরামর্শ এসেছে বিশেষজ্ঞদের কাছ থেকে।




