শিশু–কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি–২০২৫’–এ অংশগ্রহণের অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিটিভি জানায়, সময়সীমা বাড়ায় আঞ্চলিক অডিশনের তারিখসমূহও কিছুটা পেছানো হবে। নতুন তারিখ পরে বিটিভির সম্প্রচার এবং ওয়েবসাইটে জানানো হবে। হালনাগাদ সব তথ্য বিটিভির নিয়মিত প্রচারসূচি ও www.btv.gov.bd–এ প্রকাশ করা হবে।
আগ্রহী প্রার্থীরা ‘নতুন কুঁড়ি ২০২৫’ ব্যানারে ক্লিক করে বা সরাসরি btvapplication.com–এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। যারা এরই মধ্যে আবেদন করেছেন, তারাও ডাউনলোড মেন্যু থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন।
যেকোনো তথ্যের জন্য অফিস সময়ের মধ্যে ০১৩৩২–১২৫১৩৭ এবং ০১৩৩২–১২৫১৩৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে বিটিভি।
সরকার শিশু–কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতাটি পুনরায় চালু করেছে। বিটিভি জানিয়েছে, সারা দেশ থেকে প্রতিভাবান শিশু–কিশোরদের বাছাইয়ে ধাপে ধাপে আঞ্চলিক অডিশন, পরবর্তী রাউন্ড ও চূড়ান্ত পর্বের আয়োজন করা হবে। সময়সীমা বাড়ানোর ফলে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করছে আয়োজকরা।




